প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে যেতে পারবেন না শিক্ষক: ববি হাজ্জাজ
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে আর শ্রেণিকক্ষে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক খুলনা বিভাগীয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, আগে শিক্ষকরা চাকরিতে যোগ দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতেন। এরপর কোনো এক সময় প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। তবে এখন সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যেতে পারবেন না।
তিনি বলেন, এতদিন শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট কতটা বাস্তবায়ন হলো, অর্থবছর শেষে কত টাকা খরচ হলো, সেটিকেই সাফল্যের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হতো। এখন সেই ধারণা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা কতটা শিখছে, সেটিকেই সাফল্যের মূল মাপকাঠি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মূল ফোকাস থাকবে শিক্ষার্থীদের শেখার ওপর। শিক্ষক, ডিপিওসহ শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবার কার্যক্রম মূল্যায়ন করা হবে শিক্ষার্থীরা কতটা শিখছে, তার ভিত্তিতে।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার মানোন্নয়নই এখন সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের শেখার অগ্রগতির ওপর ভিত্তি করেই মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সফলতা পরিমাপ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন।
/এমএইচআর