×
Logo

সারাদেশ

জামালপুরে যুবলীগ নেতাকে বাঁচাতে উপজেলা বিএনপি সভাপতির হুঁশিয়ারি

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

জামালপুরে যুবলীগ নেতাকে বাঁচাতে উপজেলা বিএনপি সভাপতির হুঁশিয়ারি

জামালপুরের বকশীগঞ্জে হত্যা মামলার আসামি ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে বাঁচাতে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। তারা সম্পর্কে একে অপরের আপন ভাই।  

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মানিক সওদাগর এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মানিক সওদাগর বলেন, নজরুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। একই সঙ্গে দলের ভেতরে যারা এখনো ভালো হননি, তারা যেন দ্রুত ভালো হয়ে যান।

জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে চব্বিশের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চাইনিজ কুড়াল নিয়ে হামলার অভিযোগ রয়েছে। ওই দিনের হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানেও তিনি তিনটি হত্যা মামলার আসামি নজরুল।

দলীয় সূত্র জানায়, মানিক সওদাগরের ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর ২০১৫ সালের ১২ জুন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক হন। ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। 

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর দাবি করেন, বিগত সরকারের আমলে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শেই নজরুল আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বকশীগঞ্জে বিএনপিকে নজরুলই টিকিয়ে রেখেছেন। কোনো বিএনপি নেতাকর্মীর ক্ষতি তিনি করেননি বলেও চ্যালেঞ্জ দেন তিনি। 

এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, দায়িত্বশীল একটি জায়গা থেকে এ ধরনের বক্তব্য প্রদান করা তার উচিত হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর পুরো বিষয়টি জামালপুর জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপিকে জানাবে। পরে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।

এদিকে, এ বিষয়ে জানতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ফোন দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

/এসআর

Logo