×
Logo

সারাদেশ

কুড়িগ্রামে অবৈধ সার মজুদে ২ ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম করেসপনডেন্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

কুড়িগ্রামে অবৈধ সার মজুদে ২ ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ রাখা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথের নেতৃত্বে উপজেলার গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্স-এর দুটি ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৬ বস্তা ইউরিয়া এবং ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। সরকারি নিয়ম লঙ্ঘন করে সার মজুদের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে তাৎক্ষণিকভাবে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া একই এলাকার মেসার্স রফিক ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। সেখানে অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে সারের কৃত্রিম সংকট রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এএ  


Logo