×
Logo

সারাদেশ

যশোরের শার্শায় দুই শিশুপুত্রের মৃত্যু, পিতার আত্মহত্যা

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

যশোরের শার্শায় দুই শিশুপুত্রের মৃত্যু, পিতার আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুপুত্রের মৃত্যুর পর কামাল হোসেন (৪৫) নামে এক বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কামাল হোসেন ও তার দুই শিশুপুত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। দুই সন্তান পাঁচ বছর বয়সী সাবির ও আড়াই বছর বয়সী জাবির বাবার সঙ্গে বাড়িতে ছিল।

মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে শিশু দুটির মৃত্যু এবং কামাল হোসেনের আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। 

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

/এসআর 

Logo