পদার্থবিজ্ঞান পড়ে চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে রোকসানা আক্তার নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
দণ্ডপ্রাপ্ত রোকসানা আক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দিয়ে আসছিলেন। এছাড়া অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল তার ফার্মেসিতে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোকসানা আক্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দিয়ে প্রেসক্রিপশন লেখেন তিনি। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ করে পরিবার।
এ ঘটনায় সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদন ছাড়া বিভিন্ন টেস্টের বিজ্ঞাপন এবং চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার সত্যতা পাওয়া যায়।
অভিযানে পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, অভিযানে ফার্মেসিতে অনুমোদন ছাড়া বিভিন্ন পরীক্ষা করার বিজ্ঞাপন পাওয়া গেছে। পাশাপাশি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা মিলেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
/এনএ