গাইবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গাইবান্ধা করেসপনডেন্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিমন (২৮) ও রুবেল (২৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে এবং রুবেল কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে।
স্থানীয়রা জানান, দুই যুবক পৃথক মোটরসাইকেলে দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে আসছিলেন। এ সময় শিয়ালগাড়া এলাকায় তাদের মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং স্বজনদের খবর দেন। পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকালে দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠান। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
/এসআর