×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও সদর উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে মাধ্যমে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিন দিয়ে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যান তার স্ত্রী। এতে দুজনই মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চালক নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। 

সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) পৃথক তিনটি ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএ 



Logo