উত্তরবঙ্গগামী ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
গাইবান্ধা করেসপনডেন্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের খাবার গাড়ির কর্মচারী (ক্যান্টিন বয়) আবু বক্কর সিদ্দীককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনের খাবার গাড়ির একটি কামড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবুবক্কর সিদ্দীক নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার চককোব্বাদ দাসপাড়া মহল্লার বাসিন্দা ওই নারী (৪২) ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পার্বতীপুর যাওয়ার জন্য আন্তঃনগর কুড়িগ্রাম ট্রেনে ওঠেন। তিনি ট্রেনে সিট না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ওই নারীকে ট্রেনের খাবারের গাড়িতে নিয়ে যান এবং সেখানে বসার ব্যবস্থা করে দেন।
পুলিশ আরও জানায়, খাবার গাড়ির ক্যান্টিন বয় আবুবক্কর সিদ্দীক কৌশলে ওই নারীকে খাবার গাড়ির সাথে সংযুক্ত কামড়ায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ওই নারী ৯৯৯ এ ফোন করে অভিযোগ দায়ের করেন। পরে পার্বতীপুর স্টেশনে পৌঁছলে রেলওয়ে পুলিশ আবুব্কর সিদ্দীককে গ্রেফতার ও ওই নারীকে উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এবং আসামি আবুবক্কর সিদ্দীককে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
/এসআর