সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে নারীর মরদেহ উদ্ধার
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে কহিনুর বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কহিনুর বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী এলাকার বাসিন্দা। তবে তিনি বর্তমানে পাটকেলঘাটা থানা সদরে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে মাধ্যমে জানা যায়, তালতলা এলাকায় সড়কের পাশে একটি দোকানের পেছনের নর্দমায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাই ইমরান হোসেন জানান, তার বোন কহিনুর তালতলা এলাকার ‘বিসমিল্লাহ্ ফুড ফ্যাক্টরী’তে কাজ করতেন। কীভাবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল তা পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি; ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
/এএ