সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) এর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউ এর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ ও প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পরবর্তীতে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির কার্যকর ও বহুমুখী ব্যবহারের ওপর একটি বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম, চোরাচালানবিরোধী অভিযানে ড্রোনের সাহায্যে চোরাকারবারীদের শনাক্ত ও আটক, পুশ-ইন প্রতিরোধে ড্রোনের কার্যকর ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি ড্রোন সিস্টেম এর ব্যবহারিক প্রয়োগ প্রদর্শন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ড্রোনের সমন্বয়ে একটি আকর্ষণীয় ড্রোন ফ্লাই-পাস্ট প্রদর্শন করা হয়।
/এএন