রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় , গ্রেফতার ৩
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
রাজবাড়ী জেলা শহরে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে নারী উদ্যোক্তা ও ‘আস্থা পোশাক শিল্প’-এর মালিক জাকিয়া সুলতানাকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. হেলালউদ্দিন (৩৮), মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) এবং মো. রুবেল হোসেন (১৯)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাকিয়া সুলতানার প্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’-এর এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী কাপড় বাজার এলাকায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় নারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা জাকিয়া সুলতানার ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন যুবক এবং প্রকাশ্যে তাকে লাথি ও কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করে।
রবিবার (৩০ আগস্ট) এই বর্বরোচিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং পরিস্থিতি ব্যাখ্যা করতে সোমবার (৩১ আগস্ট) দুপুরে দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেছেন রাজবাড়ী কাপড় বাজারের ব্যবসায়ীরা। সমাবেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ শনিবারের ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তবে একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মূল ঘটনার পূর্ণাঙ্গ চিত্র না দেখিয়ে খণ্ডিত ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
/এএ