×
Logo

সারাদেশ

জামালপুরে ইজিবাইকের ওপর উল্টে পড়ল বাস, নিহত ৪

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম

জামালপুরে ইজিবাইকের ওপর উল্টে পড়ল বাস, নিহত ৪

জামালপুরের লাহিড়ীকান্দায় ইজিবাইকের ওপর বাস উল্টে পড়ে পড়ে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হওয়ার উপক্রম হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে দুই যানবাহনের যাত্রীরা চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখন একজনকে মৃত ঘোষনা করেন।

দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

/এসআর 

Logo