×
Logo

সারাদেশ

ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম

ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের উত্যক্তে ও অশালীন আচরণের অভিযোগে সুমন হোসেন নামে এক যুবকের গলায় জুতার মালা পরানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুমন হোসেন উপজেলার মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সুমন বেশ কিছুদিন যাবৎ মাদ্রাসার শিক্ষার্থীদের আসা যাওয়ার পথে বিভিন্ন সময় অশালীন অঙ্গভঙ্গি ও উত্যক্ত করতো। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সোমবার সকালে শিক্ষার্থীদের উত্যক্ত করলে গ্রামবাসীরা তাকে ঘটনাস্থল থেকে আটক করে মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। এরপর ওই যুবকের বাবা, স্ত্রীসহ পরিবারের কয়েকজনকে ডেকে আনা হয়। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে মাদ্রাসা থেকে জুতার মালা পরিয়ে বের করার সিদ্ধান্ত নেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক সামাউল ইসলাম বলেন, প্রায়ই আমরা খবর পেতাম এক যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। আজ তাকে গ্রামবাসী ধরে মাদ্রাসায় নিয়ে আসে। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসা থেকে জুতার মালা পরিয়ে বের করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে গ্রামবাসী ওই ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসে। এরপর তার পরিবারের সদস্যরা মাদ্রাসায় আসেন। এ সময় গ্রামবাসী তাকে জুতার মালা পরিয়ে মাদ্রাসা থেকে বের করে।

/এসআর 

Logo