×
Logo

সারাদেশ

রংপুরে ৪ খুন

দুই দিনের রিমান্ডে সিদ্ধার্থ-মুগ্ধ, ৩ ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

দুই দিনের রিমান্ডে সিদ্ধার্থ-মুগ্ধ, ৩ ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

রংপুরে একই পরিবারের চাঞ্চল্যকর চার খুনের মামলায় স্বীকারোক্তি দেওয়া আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে দুই দিন জেলগেটে তিন ঘণ্টা করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৪টায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি জিন্নাত আলী মামলার স্বার্থে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের তিন দিন করে রিমান্ড আবেদন করেন।

নিরাপত্তার স্বার্থে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে আদালতে আনা হয়নি। তবে ভার্চুয়ালি কারাগার থেকে সিদ্ধার্থ ও মুগ্ধ শুনানিতে অংশ নেন। এ সময় আসামিপক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির অ্যাডভোকেট সুবক্তহীন আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন জেলগেটে সমস্ত আইনকানুন মেনে তিন ঘণ্টা করে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশের কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, তদন্তের প্রয়োজনে আমরা মনে করেছি আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সে কারণে আমরা আজ তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত জেলগেটে দুই দিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, রোববার বিকেলে কারাগার থেকে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ইউরিনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষার পর তাদের ইউরিনে কোনো ইয়াবা সেবনের অস্তিত্ব পাওয়া যায়নি।

তবে চুল ও রক্তের কোনো আলামত নেয়নি তদন্ত সংস্থা। চিকিৎসকরা জানান, ইয়াবা বা অ্যামফিটামিনের অস্তিত্ব রক্ত, লালা ও প্রস্রাবে তিন দিন এবং চুলে ৯০ দিন পর্যন্ত পাওয়া যেতে পারে।

এদিকে, সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেন।

গত ২১ আগস্ট ঘড়ির মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে খুন হন জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী চক্রবর্তী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী।

এই ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

/এসআইএন

Logo