আশুগঞ্জ সার কারখানা চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী আশুগঞ্জ সার কারখানা দ্রুত পুনঃচালু করাসহ কয়েক দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এবং সমাবেশ করেন।
শ্রমিকদের এই যৌক্তিক কর্মসূচিতে পূর্ণ সংহতি প্রকাশ করে অংশ নেন আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা। এ ছাড়া আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতৃবৃন্দ এবং স্থানীয় সিএনজি, ট্রাক ও রিকশা মালিক সমিতির নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, অত্যন্ত লাভজনক ও কৃষিবান্ধব একটি জাতীয় প্রতিষ্ঠানকে দীর্ঘ দেড় বছর ধরে পরিকল্পিতভাবে বন্ধ রাখা হয়েছে। একই সাথে কারখানার মূল্যবান জমি ব্যক্তিস্বার্থে লিজ দেওয়ার গভীর পাঁয়তারা চলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে আশুগঞ্জ সার কারখানা চালু না করা হলে এবং জমি লিজ দেওয়ার ষড়যন্ত্র বন্ধ না হলে আগামীতে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সার্বিক যোগাযোগ বন্ধসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
/এএ