×
Logo

সারাদেশ

হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট, হবিগঞ্জ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:১২ এএম

হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্ররা জানান, রোববার বিকেলে স্থানীয় খেলার মাঠে তোপখানা ও চানপাড়া মহল্লার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে উভয় মহল্লার লোকজন মাইকিং করে উত্তেজনা ছড়িয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে রাতের অন্ধকারে উভয়পক্ষ টর্চ লাইটের আলো ফেলে একে অপরের দিকে উপর্যুপরি ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ, যাতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের খেলার বিরোধ থেকেই দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পুরোপুরি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এএ

Logo