ফরিদপুরে দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন; ৪ স্বাস্থ্যকর্মীকে বদলি
ফরিদপুর করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ফরিদপুরের দুটি সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৩০ আগস্ট) সকালে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের নানা অভিযোগ ও অভাব-অনটনের কথা শোনেন। এ সময় চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক পরিবার পরিকল্পনা সহকারীকে এবং সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ জন নার্সকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে বাস্তবসম্মত কোনো উন্নয়ন হয়নি। বরং কেনাকাটা ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির নামে সীমাহীন লুটপাট ও অর্থ আত্মসাৎ করে পুরো স্বাস্থ্য বিভাগকে একটি ভঙ্গুর কাঠামোর ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। হাসপাতাল দুটিতে কিছু প্রশাসনিক ও লজিস্টিক অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে, যা দ্রুত সংস্কারের মাধ্যমে পর্যায়ক্রমে উন্নত করা হবে।
/এএ