×
Logo

সারাদেশ

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের রগ ক্ষতিগ্রস্তের অভিযোগ

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের রগ ক্ষতিগ্রস্তের অভিযোগ

আহত রমিজ মৃধা

পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এতে তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রমিজ মৃধা ঘটনাস্থলে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করেন তিনি। এরই জেরে রমিজের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ যমুনা টেলিভিশনকে বলেন, রমিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হয়েছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত জিসান পলাতক থাকায়, এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায় নি। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএ 

Logo