পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে সার সংকট নেই, বিতরণ ব্যবস্থায় সমস্যা
পঞ্চগড় করেসপনডেন্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
পঞ্চগড়সহ সারাদেশে পর্যাপ্ত সার সরবরাহ এবং মজুদ রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। জানান, ডিলারদের একটি অংশ কৃষকের মধ্যে যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত প্রশাসন ও জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সাথে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থার সংকট কাটাতে শূন্য পদে নতুন ডিলার এবং ইউনিয়নভিত্তিক ডিলারশিপ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হওয়ায় বাড়তি সারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি জেলায় আলু চাষও বেশি হওয়ায় এসব ফসলের জন্য প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
একইসাথে সার নিয়ে গুজব বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। তার দাবি সারের সকল বিষয় নিয়ে অবহিত করার জন্যই আজকের এই মতবিনিময় সভা।
/এমএইচআর