হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের কর্মসূচি প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।শনিবার (২৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান কওমী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি।
এর আগে, সংসদে 'কুমিল্লা-৪' আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ'র করা মন্তব্যের জেরে গতকাল শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ওই কর্মসূচিতে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
পরে কওমী ছাত্র ঐক্য পরিষদের দাবি 'না' মানার অভিযোগ এনে শনিবার (২৯ আগস্ট) সকালে, ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির আজকের কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয় কওমী ছাত্র ঐক্য পরিষদ।
এতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। এরই মধ্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেয়।
/এআই