×
Logo

সারাদেশ

মানসিক চাপ কমাতেই জেদের বশে মদপান, দাবি সেই তরুণীর

গাজীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

মানসিক চাপ কমাতেই জেদের বশে মদপান, দাবি সেই তরুণীর

প্রতীকী ছবি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে এক তরুণীকে ‘নিথর’ অবস্থায় নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

তবে এরই মধ্যে সেই তরুণী টঙ্গী পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মানসিক চাপ কমাতে তিনি জিদের বশে মদ পান করেছিলেন। পরে দুই যুবক তাকে মোটরসাইকেলে করে তার বান্ধবীর বাসায় পৌঁছে দেন।

সেদিনকার ঘটনার পর আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে ওই তরুণীকে টঙ্গী পশ্চিম থানায় ডেকে নেয় পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, মানসিক চাপ কমাতেই জেদের বশে তিনি মদ পান করেছিলেন। পরে মোটরসাইকেলে করে তাকে বান্ধবীর বাসায় পৌঁছে দেন দুই যুবক।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সঙ্গে তার বক্তব্যের পার্থক্য থাকায়, মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদকে গুরুত্ব দিচ্ছে পুলিশ।

জিএমপি-র অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তরুণীর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে তার বোনের জিম্মায় দেওয়া হয়েছে। ভিডিও সূত্রে পুলিশ মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ও মালিকের পরিচয় শনাক্ত করেছে। ওই দুই আরোহীকে খোঁজা হচ্ছে।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো যাচাই ছাড়াই ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

/এসআইএন


Logo