শেরপুর সীমান্তে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ
স্টাফ করেসপনডেন্ট, শেরপুর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) ভোর রাতে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এএন