×
Logo

সারাদেশ

বাউফলে বিষ প্রয়োগে ৩টি মহিষের মৃত্যু, অসুস্থ ৩০

বাউফল করেসপনডেন্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম

বাউফলে বিষ প্রয়োগে ৩টি মহিষের মৃত্যু, অসুস্থ ৩০

পটুয়াখালীর বাউফলে চারণভূমির ঘাস ও খাদ্যে বিষ প্রয়োগের কারণে প্রান্তিক কৃষকদের তিনটি মহিষ মারা গেছে এবং অন্তত ৩০টি মহিষ গুরুতর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। এতে সহায়-সম্বল হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র কৃষকরা। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ অমানবিক ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা শুভেন্দু সরকার বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে থেকে জানা যায়, চন্দ্রদ্বীপ চরাঞ্চলের কৃষক বাবুল মৃধা, সুমন মাঝি, আসাদুল ফকির, চান্দু খান, বশির ফকির, মিরাজ ফকির, কবির, শাহজাহান, রিপন, শাহিন, সুজন ও জাহাঙ্গীরের ৩০টিরও বেশি মহিষ প্রতিদিনের মতো চারণভূমিতে ঘাস খেয়ে বিকেলে গোয়ালঘরে ফিরে আসে। এরপরই হঠাৎ মহিষগুলো ছটফট করতে থাকে এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যার দিকে এর মধ্যে ৩টি মহিষ মারা যায়। প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অসুস্থ বাকি মহিষগুলোর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চরাঞ্চলের যে মাঠে মহিষ চড়ানো হয়, শত্রুতাবশত সেই চারণভূমির ঘাসে দুর্বৃত্তরা বিষাক্ত কীটনাশক বা বিষ ছিটিয়ে রেখেছিল।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটির সঠিক কারণ ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রদ্বীপে মহিষের পাল মাছ ধরার ফাঁদ (চাই) ভাঙার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে চারণভূমিতে এমন বিষ প্রয়োগের ঘটনা ঘটল।

/এএ 

Logo