×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর শাখা মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মোঃ মাসুদের দুই মেয়ে মোসাঃ সুমাইয়া (১০) ও মোসাঃ আরিবা (৮), মোঃ নিজাম উদ্দিনের দুই মেয়ে মোসাঃ সুমাইয়া (১২) ও মোসাঃ সুরাইয়া (৯) এবং মোঃ শরিফুল ইসলামের মেয়ে মোসাঃ শরিফা (১১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীর শাখা মরা নদীতে ওই পাঁচ কন্যাশিশু একসঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একটি শিশু পানিতে তলিয়ে যেতে লাগলে তাকে উদ্ধারের জন্য অন্য শিশুরা এগিয়ে যায়। তখন একে অপরকে বাঁচাতে গিয়ে মুহূর্তের মধ্যে পাঁচজনই গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে নদী থেকে তাদের নিথর মরদেহ উদ্ধার করেন। 

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, এলাকায় একসঙ্গে এত শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এই প্রথম। পুরো গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসীম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পরিবারগুলোকে আরও সহায়তা প্রদান করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ মাগরিব রাত ৭টায় স্থানীয় কবরস্থানে পাঁচ শিশুর মরদেহ দাফন করা হবে।

/এএ  

Logo