×
Logo

সারাদেশ

ফরিদপুরের গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ দর্শনার্থীদের ভিড়

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

ফরিদপুরের গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ দর্শনার্থীদের ভিড়

নৌকার বৈঠার ছন্দ,মাঝিদের হই-হুল্লোড় আর দর্শকদের করতালির মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলার খোয়াড় গ্রামের আষাঢ়ের বিলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

ঐতিহ্যবাহী এই নৌকা বাইচকে কেন্দ্র করে বসেছিল প্রাণবন্ত গ্রামীণ মেলা। নৌকা বাইচ ও মেলার আনন্দে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বিলের দুই পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। 

বাইচে ছোট ও বড় দুই দলে ১০ টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বড় দলে প্রথম পুরস্কার পেয়েছে বাবু মিয়ার নৌকা, ২য় হয়েছে আনিস মাতুব্বরের নৌকা। অন্যদিকে ছোট নৌকা ক্যাটাগরিতে ১ম হয়েছে সোলেমান ফকিরের নৌকা এবং ২য় হয়েছে মুস্তাকিন মাতুব্বরের নৌকা। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।

এছাড়াও এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/এএ 

Logo