যশোরে বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম
যশোরে পারিবারিক কলহের জেরে মা আনোয়ার খাতুনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ছেলে মামুনুর রশিদকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৮ আগস্ট) হত্যাকাণ্ডের ১৭ ঘণ্টার মাথায় সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনুর রশিদ ঝিকরগাছা উপজেলার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।
পিবিআই ও স্থানীয় সূত্ররা জানান, গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে গিয়ে মা আনোয়ার খাতুনের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটিতে জড়ান মামুনুর রশিদ। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মাকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা নিশ্চিত করার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান তিনি।
শুক্রবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে পিবিআই যশোরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে মামুনুর রশিদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মামুনুরের পূর্বে দুটি বিয়ে হয়েছিল। পারিবারিক বিবাদ ও অশান্তির কারণে তার দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে যান। মামুনুর রশিদ তার দাম্পত্য জীবনের এই বিচ্ছেদের জন্য নিজের মা আনোয়ার খাতুনকেই এককভাবে দায়ী করতেন। এ নিয়ে দীর্ঘ দিন ধরে মা ও ছেলের মধ্যে তীব্র বিরোধ ও ক্ষোভ বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় তিনি নির্মমভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।
পিবিআই জানিয়েছে, অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
/এএ