×
Logo

সারাদেশ

মানিকগঞ্জে খাদ্য গুদামে চাল-গমের গরমিল, দুই কর্মকর্তা বরখাস্ত

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

মানিকগঞ্জে খাদ্য গুদামে চাল-গমের গরমিল, দুই কর্মকর্তা বরখাস্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে চাল ও গমের গরমিলের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদফতর। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাদ্য অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অধিদফতরের ২৫ আগস্টের এক স্মারকের ভিত্তিতে ঘিওর উপজেলা খাদ্যগুদামে চাল ও গম যাচাই করা হয়। এ সময় গুদামের ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পাওয়া যায়। বিপরীতে ৪১ টন ধান বেশি এবং ৬ হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া যায়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ নম্বর বিধি অনুযায়ী দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান বলেন, জেলায় মহাপরিচালকের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি খাদ্যগুদামে বিশেষ অডিট চলছে। অডিটের সময় ঘিওরের গুদামে গরমিল পাওয়া যায়। এর সঙ্গে ওই কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে, তদন্তের স্বার্থে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

/এসআর 


Logo