মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে মিললো ১৫০০ পিস ইয়াবা, গ্রেফতার ৩
সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম
মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। এসময় অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হয়েছে ১৫শ' পিস ইয়াবা। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।
বৃহ্স্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— অ্যাম্বুলেন্স চালক রোজাউল করিম খান মিলন(৪১), ইয়াবা ব্যবসায়ী ফরিদ মোহাম্মদ সৈকত(৪৭) ও খন্দকার আতিকুর রহমান রুবেল(৪০)। এদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্সটিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় অ্যাম্বুলেন্স থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অ্যাম্বুলেন্সটি জব্দ করাসহ এঘটনায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাদাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, পুলিশের চোখ এড়াতে দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পরিবহন করে আসছিলেন তারা। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
/এমএইচআর