×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আশাদুল হক মিন্টু (৩৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালতের বিচারক) সত্যব্রত শিকদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আশাদুল হক মিন্টু চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় চুনুরীপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ মার্চ মাদকবিরোধী অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে প্যান্টের ডান পকেট থেকে তিনটি পলিথিনে মোড়ানো প্যাকেটে ১৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তার বাম পকেট থেকে ১৮টি প্যাথিডিন ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করে পুলিশ।

জব্দতালিকা অনুযায়ী, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ছিল ১ লাখ ৩৫ হাজার টাকা। আর প্যাথিডিন ইনজেকশনের মূল্য ধরা হয় ১ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় মিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি মানাজার আলী জোয়ার্দ্দার বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বী সাগর জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

/এনএ 

Logo