শ্রমিক নেতা আটকের প্রতিবাদে দিনাজপুরে থানা ঘেরাও, ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম
দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। একই সঙ্গে জেলা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৬ আগস্ট) রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা।
এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা। তবে, বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
/এএন