মুন্সিগঞ্জে কৃষিমন্ত্রী
প্রয়োজনের চেয়ে বেশি সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে দুই নম্বর পক্ষ
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম
বাজারে বর্তমানে কৃষকদের প্রয়োজনের তুলনায় বেশি সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ। তবে একটি পক্ষ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় সুফলভোগীদের মধ্যে সনদ ও বকনা গরু বিতরণ এবং পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
আমিন উর রশিদ বলেন, মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন, তার চেয়ে বেশি সার মজুদ আছে। একটি পক্ষ আছে, যারা দুই নম্বর; তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, তারা সফল হবে না।
তিনি বলেন, সারের সরবরাহ ও মজুদ নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
কৃষিপণ্যকে দেশের অর্থনীতির অন্যতম বড় রফতানি খাত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ রফতানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য।
তিনি বলেন, বিএনপি সরকার কৃষকের সরকার। সরকারের প্রধান লক্ষ্য হলো কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান এবং উৎপাদন খরচ কমানো যায়।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
/এনএ