সৌদি আরবে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আসছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশি কর্মীর প্রাণহানি ঘটে। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে ৯ জন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। ইতোমধ্যে মরদেহগুলো বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো বৃহস্পতিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে নওগাঁর সাতজন; তার মধ্যে রয়েছেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার মার্কাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
অপর দু’জন হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রামের বাসিন্দা কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝি।
/এমএন