×
Logo

সারাদেশ

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাইল ছবি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না। দেশে কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।

বুধবার (২৬ আগস্ট) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা হয়েছিল। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না।

তিনি আরও বলেন, হযরত মোহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আমরা নবীর তরিকা ধরে ঐক্যবন্ধ থাকবো। মহানবীর ১৪ বছরের নবুয়তের কথা ও তার নীতি-আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে মহানবী ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল।

ফরহাদ হোসেন আজাদ বলেন, যেখানে সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দিয়ে সমস্যা সমাধান করব। কোনো কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়। সোলার প্রজেক্ট নিয়ে এসে বিদ্যুতের চাহিদা পুরণ করা হবে। বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব নির্বাচনী প্রতিশ্রুতি পুরণ করবে সরকার।

অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলির প্রধান গোলাম মাহবুব জিহাদি।

/এএম

Logo