রংপুর মহানগরীতে শিক্ষক পরিবারের চার সদস্য খুনের ঘটনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর মাছুয়াপাড়ায় নিহতদের বাড়ির উঠান ও পাশের মন্দিরে হিন্দুরীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় পুরোহিত ও স্বজনরা ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রাদ্ধানুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তবে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ছিল তীব্র ক্ষোভ। তারা দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, মামলাটি সম্পর্কে কারও কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যৌক্তিক সময় দিতে হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মাহফুজ উন নবী ডন আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রকৃত ঘটনাকে আড়াল বা ভিন্নভাবে উপস্থাপন করতে না পারে— এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে।
নিহতদের স্বজন ও স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
/এনএ