×
Logo

সারাদেশ

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলা

পিরোজপুরে সরকারি বিধি অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার খবরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা করেছেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতুর রহমান। এ সময় সাংবাদিকদের রুমে আটকে রাখার চেষ্টাও করেন অভিযুক্ত শিক্ষক আরাফাত। 

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

‎সাংবাদিকদের অভিযোগ, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতুর রহমান পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে সরকারি বিধি অমান্য করে নিজ প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। এই খবরে সংবাদ সংগ্রহ করতে যান কয়েকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকরা।  

এ সময় কোচিং করানোর ভিডিও ধারণের সময় ওই শিক্ষক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় এক সাংবাদিককে রুমে আটকে রাখারও চেষ্টা করেন তিনি। 

এই ‎হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের পিরোজপুর জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আহত হয়েছেন। 

এ বিষয়ে স্টার নিউজ এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোচিং সেন্টারের ভিডিও করা শুরু করলেই ওই শিক্ষক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। জামার কলার ধরে মারধর শুরু করেন।  

এ বিষয় পিরোজপুর সদর থানা ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিকরা।

/এসআর 


Logo