×
Logo

সারাদেশ

কিশোরের মুখে টেপ প্যাচানো ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি, শেষে ধরা পড়লো অপহরণকারী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

কিশোরের মুখে টেপ প্যাচানো ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি, শেষে ধরা পড়লো অপহরণকারী

চুয়াডাঙ্গার দর্শনায় অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরকে রাজশাহী থেকে র‌্যাব-৫ এর সহযোগিতায় উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। এ ঘটনায় অপহরণচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাজশাহী মহানগরীর আলাদা দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর গ্রামের সুমন খান (৩৭) এবং রাজশাহী নগরীর আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা রুবেল শেখ (৩৮)।

এজাহার সূত্রে জানা গেছে, দর্শনা থানার প্রতাপপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ১৪ বছর বয়সী এক কিশোর ২২ আগস্ট সকালে বাড়ির সামনে পাকা রাস্তায় খেলতে বের হয়। দুপুরের পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোনো সন্ধান না পেয়ে তার বাবা সাধারণ ডায়েরি করেন দর্শনা থানায়।

এরপর ২৩ আগস্ট সকালে কিশোরের বড় ভাইয়ের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মুখ টেপ দিয়ে মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থার ছবি পাঠায়। ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা ১ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্তের চেষ্টা করে। পরে সহায়তা নেওয়া হয় রাজশাহী র‌্যাবের।

তদন্তের এক পর্যায়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণচক্রের মূলহোতা সুমন খানকেও গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্বর্ণপট্টি আবাসিক হোটেল এলাকায় আলাদা অভিযান চালিয়ে মামলার তদন্তে পাওয়া আসামি রুবেল শেখকে গ্রেফতার করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রোববার রাজশাহী র‍্যাব-৫ এর সহযোগিতায় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। সোমবার সকালে গ্রেফতার আসামিদের দর্শনা থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

/এমএমএইচ

Logo