×
Logo

সারাদেশ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজুর দাফন সম্পন্ন

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজুর দাফন সম্পন্ন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত দুই জনের মধ্যে আলিমুজ্জামান সাজুর মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিজ বরেয়া গ্রামে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১২টার দিকে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। সেখান থেকে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেন ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা।

বেলা ৩টার দিকে মরদেহবাহী গাড়িটি কালিগঞ্জের বরেয়া গ্রামে পৌঁছায়। গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীসহ হাজারো মানুষ শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসেন। গ্রামবাসী জানিয়েছেন, সাজু সদালাপী ও সৎ মানুষ ছিলেন।

আসর নামাজের পর বাড়ির পাশে মসজিদ চত্বরে সাজুর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নেন। পারিবারিকভাবে তারা আত্মীয় বলে জানান মোস্তাফিজের বাবা।

অন্যদিকে, কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রেবাতি সরকারের মরদেহ পরিবারের অনুরোধে কলকাতায় সৎকার করা হয়েছে।

/এসআইএন

Logo