দেশের ৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে সিএনজি অটোরিকশায় তেলের লরির ধাক্কায় নিহত হয়েছে একই পরিবারের ৩ জনসহ ৪জন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেটের ওসমানী নগরে হয় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৌলভীবাজারের শেরপুর থেকে সিলেট যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরি ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। পরে চালকসহ ৭ যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, নাটোরের বড় হরিশপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাজশাহী-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় পৌঁছালে ব্যাটারীচালিত একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থলেই চালক সাইদসহ সাব্বির নামে এক যাত্রীর মৃত্যু হয়।
অন্যদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে ভায়া-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক সড়কের বাহাদিয়া এলাকায় স্থানীয় নুরুজ্জামানের বাড়ির সামনে ২টি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে সড়কের পাশে গেলে, ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের।
/এএন