সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম
সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৌলভীবাজারের শেরপুর থেকে সিলেট যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। এতে চালকসহ ৭ যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জন এখনও চিকিৎসাধীন।
এদিকে, নাটোরের বড় হরিশপুরে বাসের চাপায় প্রাণ গেছে ব্যাটারিচালিত ভ্যানচালকসহ দুইজনের। পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাজশাহী-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থলেই চালক সাইদসহ সাব্বির নামে এক যাত্রীর মৃত্যু হয়।
অন্যদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে ভায়া-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক সড়কের বাহাদিয়া এলাকায় স্থানীয় নুরুজ্জামানের বাড়ির সামনে দু’টি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। বিষয়টি দেখতে সড়কের পাশে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবরে মাইক্রোবাসটি ভাঙচুর করে চালককে আটক করেন এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের।
/এসআইএন