×
Logo

সারাদেশ

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান নিজ ঘরের দরজায় বাহির থেকে কে বা কারা তালা দিয়ে রেখেছে। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে তারা তালা ভাঙেন। বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে নিলুফা দেখতে পান সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এসআর 

Logo