আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর
বাউফল করেসপনডেন্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:২৮ এএম
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া চাঁদকাঠীর বাসিন্দা হাফেজ নূর উদ্দিন জাকারিয়া সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সৌদিতে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর। হাফেজ নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তাদের ৫ জনের পরিবার।
ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। পরে ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায়ই সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন।
জাকারিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বিশ্বমঞ্চে তার এই অর্জন বাউফলের জন্য যেমন গর্বের, তেমনি দেশের তরুণদের জন্যও অনুপ্রেরণার।
/এসআর