ঝিনাইদহে মেসে বাজার করা নিয়ে বাকবিতণ্ডা, রুমমেটের ছুরিকাঘাতে প্রাণ গেল অপরজনের
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম
ঝিনাইদহে এক মেসে বাজার করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে আরেক রুমমেট নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়ায় মেসে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী কাউসার আলী (২১)। তিনি হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। আর অভিযুক্ত আটক শিক্ষার্থী লিখন বাড়িবাথান মাদরাসার দশম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।
জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ায় একটি মেসে থাকতেন। সন্ধ্যার দিকে মেসের বাজার করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে কাউসার আলী তার রুমমেট লিখনকে থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় লিখনও আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে লিখনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক লিখন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
/এসআইএন