×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়।

নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল। চারজনই হাসপাতালে আনার আগেই মারা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে খেলতে গিয়েছিল শিশুরা। এ সময় চারজনের মধ্যে একজন হয়তো পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুরাও পানিতে পড়ে যায়।

তিনি জানান, ডুবে যাওয়া শিশুদের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণিতে পড়ত এবং সে সবার বড় ছিল। পুকুর থেকে মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, বড় মেয়েটির পা ধরে ছিল আরও দুই শিশু। এভাবেই তারা পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, উদ্ধারের সময়ের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, একে একে শিশুরা পানিতে তলিয়ে যাওয়ার পর বড় মেয়েটি তাদের উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামে। কিন্তু দুই শিশু তার পা ধরে রাখায় সেও পানিতে তলিয়ে যায়। এভাবেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এসআইএন

Logo