×
Logo

সারাদেশ

রংপুরে টিসিবি পণ্য কালোবাজারির মামলায় ডিলারের ১৪ বছরের কারাদন্ড

রংপুর ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

রংপুরে টিসিবি পণ্য কালোবাজারির মামলায় ডিলারের ১৪ বছরের কারাদন্ড

রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ডিলারকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ডিলার হলেন নগরীর আলমনগর কলোনি এলাকার মৃত এখলাক আলীর ছেলে আলী হাসান মুন্না (৩৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল জানান, ২০২০ সালের ডিসেম্বরে টিসিবির ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে মামলা হয়। মামলায় টিসিবির ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল ও ২৮৮ কেজি পেঁয়াজ মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ আনা হয়।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।

রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। টিসিবিসহ সরকারি বিভিন্ন পণ্য মজুত করে কালোবাজারে বিক্রির ক্ষেত্রে এ রায় অন্য ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

অন্যদিকে, রায়ের কাগজপত্র পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

/এনএ 



Logo