যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আটক ২
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম
ইসলামী ব্যাংকের এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অভিনব কৌশলে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিক ও তার দেশীয় সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোর এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন চীনা নাগরিক চাওশিং এবং তার সহযোগী ইব্রাহিম।
ভুক্তভোগী ব্যবসায়ী মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে চক্রটি তার দোকান থেকে প্রথমে ৪৬ হাজার টাকার মালামাল কেনে। এরপর তারা মোবাইল বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে মিঠুর ব্যাংক অ্যাকাউন্টে মোট ৭ লাখ টাকা স্থানান্তর করে। পরে মালামালের ৪৬ হাজার টাকা বাদে বাকি টাকার সমপরিমাণ অর্থের একটি চেক মিঠুর কাছ থেকে চেয়ে নেয় তারা। পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে মিঠু তাদের চেকটি দিলে চক্রটি ব্যাংক থেকে দ্রুত নগদ টাকা তুলে নেয়।
পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ী মিঠুর সাথে যোগাযোগ করে জানায় যে, ঢাকার টঙ্গী শাখার ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধভাবে ওই ৭ লাখ টাকা তার হিসাবে পাঠানো হয়েছিল। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যবসায়ী মিঠু।
এরপর বুধবার বিকেলে অভিযুক্ত চীনা নাগরিক চাওশিং ও ইব্রাহিম পুনরায় আরএন রোডে এলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের শনাক্ত করে ঘেরাও করে ফেলে। পরে পুলিশে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত দুই সদস্য বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
/এএ