খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই খুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:১৩ এএম
খুলনা নগরীতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর লবণচরার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ২১ বছর বয়সী মঞ্জুরুল ইসলাম এবং ১৯ বছর বয়সী নাজমুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হন। এর প্রায় দুঘণ্টা পর ঘটনাস্থলের ৩০০ গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল।
এদিকে, পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
দুই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
/এএম