কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবাতি সরকার নিহত
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম
নিহত আলিমুজ্জামান সাজু (৪৫)
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার দুইজন নিহত হয়েছেন। দু'জনই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।
বুধবার (১৯ আগষ্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহত এক পরিবারের সদস্যরা।
নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। এছাড়া রেবাতি সরকার নামের অপর এক নারী নিহত হয়েছেন। তার ব্যাপারে বিস্তারিত এখানো জানা যায়নি।
নিহতের নিকটাত্নীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যাথার জন্য চিকিৎসক দেখাতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যায়। আজ বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে সে নিহত হয়েছেন।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ জানান, ৭-৮ বছর আগে হজ্ব করে এসে জানায় বিয়ে করবে না। সেভাবেই চলছিলেন। এলাকার সৎ জন ব্যক্তি হিসেবে পরিচিত। এক বছর আগে তার মা মারা গেছেন। বাবাও বেঁচে নেই। বাড়ির অন্য স্বজনরা সকলেই কান্নাকাটি করছেন। চার ভাইয়ের মধ্যে সাজু সবার ছোট। মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র-মিডিয়াসূত্রে জানা গিয়েছে। এই খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন।
এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ছয়জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু।হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার একই পরিবারের চার জন। তারা হলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) ও দেবাশীষের শ্বশুর আকরাম আলি (৬৪)। ঢাকার সাভারের আমিনবাজার এলাকার আহমেদ বাবু (৪০) ও সাতক্ষীরার দুইজন। নিহত অপর দুইজন ভারতীয় নাগরিক।