রাজবাড়ীর পাংশায় মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
রাজবাড়ী করেসপনডেন্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় একটি মিলে সেচ বা বৈদ্যুতিক মোটর চুরির অভিযোগে জজ আলী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে উপজেলার কসবামাঝাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে কসবামাঝাইল এলাকার একটি মিলে মোটর চুরির চেষ্টাকালে স্থানীয় কয়েকজন জজ আলীকে হাতেনাতে আটক করে। পরে ক্ষুব্ধ লোকজন তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে পাংশা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় জজ আলীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গণপিটুনির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
/এএ