রাঙ্গামাটিতে পুলিশের মাদকবিরোধী অভিযান আটক ১৫
রাঙ্গামাটি করেসপনডেন্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম
রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার কোতয়ালী থানা ও রাজস্থলী থানা এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানার আওতাধীন শহরের রিজার্ভ বাজার এবং মাঝেরবস্তি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১১ জন এবং পুরোনো মারামারি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ১৩ জনকে আটক করা হয়। এছাড়া রাজস্থলী থানা এলাকায় পরিচালিত অপর এক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ আরও দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানান, রাঙ্গামাটিকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যাবতীয় অপরাধমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
/এএ