×
Logo

সারাদেশ

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জন জেলেকে সফলভাবে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় গেলে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে এই ২৪ জনকে তাদের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অসাবধানতাবশত জলসীমা অতিক্রম করায় বেশকিছু জেলেকে আরাকান আর্মি আটক করে মিয়ানমারের অভ্যন্তরে বন্দি রাখে। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবির ধারাবাহিক কূটনৈতিক ও মধ্যস্থতার উদ্যোগের ফলে ধাপে ধাপে তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ এই ২৪ জনকে মুক্ত করে আনা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আরাকান আর্মি কর্তৃক মোট ৪৩৪ জন জেলে আটক হন, যার মধ্যে ২২২ জন বাংলাদেশি ও ২১২ জন রোহিঙ্গা। বিজিবির তৎপরতায় আজ পর্যন্ত ৩৪৮ জনকে (১৫৭ জন বাংলাদেশি ও ১৯১ জন রোহিঙ্গা) ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আরাকান আর্মির হেফাজতে এখনও ৮৬ জন (৬৫ বাংলাদেশি ও ২১ রোহিঙ্গা) আটক রয়েছেন, যাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

/এএ 

Logo